মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট: বাজারিছড়া সংলগ্ন ছাগলমোয়া গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ ধর-এর মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার টিলাবাড়ি-বান্দরকোনা জেলা পরিষদ সদস্য, আইনজীবী ও কংগ্রেস নেত্রী মমতাজ বেগম। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এক বিবৃতিতে মমতাজ বেগম বলেন, একজন কর্মঠ ও সক্রিয় মানুষের এমন নির্মম পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। বিকাশ ধর-এর মৃত্যু তাঁর পরিবার ও স্বজনদের পাশাপাশি গোটা এলাকার মানুষকে গভীরভাবে শোকাহত করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের এই কঠিন সময়ে শক্তি জোগানোর প্রার্থনা করেন তিনি।
হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আটক করার জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন মমতাজ বেগম। তবে তাঁর মতে, অভিযুক্তদের গ্রেপ্তার করাই শেষ কথা নয়। ঘটনার পেছনের প্রকৃত কারণ ও সমস্ত তথ্য সামনে আনতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। তদন্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
বিকাশ ধর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনও ধরনের রাজনৈতিক বা ধর্মীয় বিভাজন সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, অপরাধীর কোনও রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় হয় না। তাই অপরাধকে রাজনৈতিক বা ধর্মীয় রং না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
একইসঙ্গে নিরপরাধ কাউকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে হয়রানি, অপমান বা মিথ্যা মামলায় জড়ানো যাবে না বলেও সতর্ক করেন তিনি। তাঁর কথায়, অপরাধী যে পরিচয়েরই হোক, অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনও নিরীহ মানুষ যেন প্রতিহিংসা বা ভুল তদন্তের শিকার না হন, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ যাতে তৈরি না হয়, সেদিকেও পুলিশ-প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানান মমতাজ বেগম। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তদন্তে পুলিশকে সহযোগিতা করার জন্যও এলাকাবাসীর প্রতি আবেদন জানান তিনি।
শেষে বিকাশ ধর-এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতাজ বেগম বলেন, প্রকৃত অপরাধীর কঠোর শাস্তি, নিরপরাধ মানুষের নিরাপত্তা এবং সামাজিক শান্তি—এই তিনটি বিষয়ই নিশ্চিত করা জরুরি। আইনের শাসন অটুট রেখেই ঘটনার প্রকৃত সত্য সামনে আনার দাবি জানান তিনি।



