রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : রামনগর আনোয়া বিলের দূষিত জল, জলস্তর কমে যাওয়া এবং পানীয় জল সরবরাহের সমস্যা নিয়ে ফের সরব হলেন তারাপুর–রামনগর এলাকার ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তাঁরা সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানান।
পরিচালনা কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে আনোয়া বিলে কচুরিপানা, আবর্জনা ও পচনশীল বর্জ্য জমে জল দূষিত হয়ে পড়েছে। পাশাপাশি শীতকালে বিলের জলস্তর কমে যাওয়ায় কাঁচা জল সংগ্রহেও সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে বৃহত্তর রামনগর এলাকায় বরাক নদী থেকে কাঁচা জল সরবরাহের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছে কমিটি। স্থায়ী ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত আনোয়া বিল পরিষ্কার করে কচুরিপানা ও আবর্জনা অপসারণেরও দাবি জানানো হয়েছে।
কমিটির সদস্যরা জানান, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ৯টি জল সরবরাহ প্রকল্পের কমিটি ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর জেলা শাসক এবং জল জীবন মিশনের কাছে লিখিতভাবে বরাক নদী থেকে জল সরবরাহের দাবি জানানো হয়। এ নিয়ে জেলা শাসকের সঙ্গে দু’দফা বৈঠকও হয়েছে বলে তাঁরা জানান।
এছাড়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে বৈঠক এবং বৃহত্তর রামনগর জল সরবরাহ প্রকল্পের প্রশাসনিক অনুমোদনের উদ্যোগের কথাও তুলে ধরেন তাঁরা। কমিটির দাবি, ২০২৫ সালের বিধানসভা অধিবেশনে বিষয়টি উত্থাপনের পর তৎকালীন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া প্রকল্পটি বাজেটে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন।
সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরে গিয়েও প্রকল্পটি বাজেটে রয়েছে বলে তাঁদের জানানো হয়েছে বলে দাবি কমিটির। তবে শুধু বাজেটে অন্তর্ভুক্তি নয়, দ্রুত প্রকল্পের বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা। এ জন্য আগামী দিনে ফের শিলচরের বিধায়ক ড. রাজদীপ রায় এবং কাছাড়ের জেলা কমিশনারের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন পরিচালনা কমিটির সদস্যরা।



