৯ আগস্ট : ঝাড়খণ্ডে জেপিএসসি-জেএসএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদমঞ্চের প্রতিনিধিরা তাঁদের দাবিদাওয়া নিয়ে কথা বলতে রাজ্য সরকারের প্যানেলের সঙ্গে দেখা করলেন শনিবার। তবে ওই মিটিংয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সুতরাং, অচলাবস্থা কাটার কোনও দিশা দেখা যায়নি। পরীক্ষার্থীদের এই প্রতিবাদমঞ্চের নাম দেওয়া হয়েছে ‘ন্যায়মঞ্চ’। দেবেন্দ্রনাথ মাহাতো নামে এক ছাত্রের নেতৃত্বে গত ১৫ দিন ধরে চলছে এই আন্দোলন। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বার দু’য়েক আলোচনায় বসার পরেও ঝাড়খণ্ড সরকার কোনও সন্তোষজনক সমাধান সূত্র খুঁজে পায়নি৷
ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু জানান, কথা চলবে। সরকারের তরফে ফিডব্যাক চেয়ে একটি ইমেলও প্রকাশ করা হয়েছে। ঝাড়খণ্ডের সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে এই প্রতিবাদ চালাচ্ছেন পড়ুয়ারা। ২ জুলাই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, সেটি বাতিল করে দেওয়ার দাবিও উঠেছে। অভিনেতা পীযূষ মিশ্র ঝাড়খণ্ডে ছাত্রদের প্রতিবাদে যোগ দিয়েছেন। রাঁচিতে জেপিএসসি-জেএসএসসি পরীক্ষার্থীদের দেখে তিনি ব্যথিত ও তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করতে চান বলে জানান।



