বরাক তরঙ্গ, ৮ আগস্ট : হাইলাকান্দিতে রাজ্য পর্যায়ের জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের সমারোহ আয়োজনের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। একজন প্রাক্তন শিশু বিজ্ঞানী হিসেবে নিজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করে তিনি গাইড শিক্ষকদের এই সমারোহকে সফল ও সার্থক করে তোলার আহ্বান জানান। ৩২তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস–২০২৬ উপলক্ষে এদিন সকাল ১১টায় এস এস কলেজের সভাকক্ষে গাইড শিক্ষকদের জেলা পর্যায়ের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। ‘বিজ্ঞান ও স্থায়িত্বের জন্য উদ্ভাবন’ বিষয়কে সামনে রেখে আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি জেলা আয়োজক সমিতির উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথির বক্তব্যে বিধায়ক ড০ মিলন দাস বলেন, শিশু বিজ্ঞান কংগ্রেসের সঙ্গে তাঁর ছাত্রজীবনের গভীর স্মৃতি জড়িয়ে রয়েছে। একজন শিশু বিজ্ঞানী হিসেবে অর্জিত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা, অনুসন্ধিৎসা ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তুলতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। হাইলাকান্দিতে রাজ্য পর্যায়ের সমারোহ আয়োজনের উদ্যোগে তিনি ব্যক্তিগতভাবে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

স্বাগত বক্তব্যে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা সমন্বয়ক ড. দেবাশিস গুহ ঠাকুরতা প্রাক্তন শিশু বিজ্ঞানী তথা বর্তমান বিধায়ক ড. মিলন দাসকে হাইলাকান্দিতে রাজ্য পর্যায়ের সমারোহ আয়োজনের ক্ষেত্রে আন্তরিক ভূমিকা গ্রহণের অনুরোধ জানান।
অ্য়াকাডেমিক কমিটির চেয়ারম্যান ড. রূপম সেন গাইড শিক্ষকদের প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে প্রকল্পভিত্তিক গবেষণার আগ্রহ তৈরি করার আহ্বান জানিয়ে জেলায় ন্যূনতম পাঁচটি মানসম্মত বিজ্ঞান প্রকল্প তৈরির লক্ষ্যে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। এসএস কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার হাইলাকান্দির ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি হাইলাকান্দি জেলাকে এগিয়ে নিয়ে যেতে বিধায়ক ড. মিলন দাসের ভূমিকার প্রশংসা করেন। আয়োজক সমিতির সভাপতি সুকন্যা চৌধুরী প্রাক্তন ছাত্র তথা বর্তমান বিধায়ক ড. মিলন দাসের কাজের প্রশংসা করে হাইলাকান্দিতে বিজ্ঞান আন্দোলনকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আয়োজক সমিতির উপ-সভাপতি শংকর চৌধুরী। তিনি হাইলাকান্দিতে আসাম বিজ্ঞান সমিতির একটি স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিধায়ক ড. মিলন দাসের সহযোগিতা কামনা করেন।
পরে অনুষ্ঠিত প্রশিক্ষণ পর্বে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের একাডেমিক সমন্বয়ক নাজমুল ইসলাম মজুমদার বক্তব্য রাখেন এবং মেন্টর সমন্বয়ক লুৎফুর রহমান বড়ভূইয়া গাইড শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন।



