বরাক তরঙ্গ, ৮ আগস্ট : হাইলাকান্দি জেলার লালাছড়া অঞ্চলে অবস্থিত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখাটির আধুনিকীকরণের কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ১৯৯০ সাল থেকে চালু থাকা এই শাখাটি শুক্রবার এক নতুন ও আধুনিক রূপ নিয়ে গ্রাহকদের সামনে আত্মপ্রকাশ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা পরিষদের সিইও লুথলিয়াং থাং। তিনি ব্যাঙ্কের পরিষেবাগুলোকে সাধারণ মানুষের আরও কাছাকাছি এবং সহজলভ্য করে তুলতে ব্যাঙ্ককর্মীদের প্রতি আহ্বান জানান। বিগত সাড়ে তিন দশক ধরে এই প্রত্যন্ত অঞ্চলে শাখাটি নিরলসভাবে ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে আসছে এবং এর আশেপাশে অন্য কোনো ব্যাংক না থাকায় এখানকার মানুষের মধ্যে ব্যাংকিং সচেতনতা বাড়াতে এই শাখাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত লালা উন্নয়ন ব্লকের বিডিও আদিত্য মুখার্জিও একই মত প্রকাশ করে ব্যাঙ্ক ও এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জনসচেতনতা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এরপর ব্যাঙ্কের শিলচর সার্কলের দায়িত্বে থাকা সৌরভ কুমার উপস্থিত গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাঙ্কের বিভিন্ন ডিজিটাল পরিষেবা ও প্রযুক্তিগত সুবিধার দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি, বর্তমান সময়ে ক্রমবর্ধমান ডিজিটাল প্রতারণা বা ফ্রড নিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ভুলেও কোনো প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং সরকার নির্ধারিত হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার বিভাসরঞ্জন দাস; তিনি স্থানীয় অর্থনীতি এবং ব্যাঙ্কের সামগ্রিক ব্যবসা নিয়ে আলোকপাত করেন। সুসজ্জিত ও আধুনিকীকৃত এই নতুন শাখাটি এবং আয়োজিত পুরো অনুষ্ঠানটি দেখে উপস্থিত সকল গ্রাহক ও স্থানীয় জনগণ গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।



