বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. মিলন দাস। শুক্রবার জেলার আবর্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব ঘোষণা করেন। বিধায়কের নেতৃত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিজেপির কর্মী, শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলার সাংবাদিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক ড. মিলন দাস জানান, আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ADRE পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। এর ফলে জেলার আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং মেধাবী চাকরিপ্রার্থীরাও মানসম্মত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন বিধায়ক। হাইলাকান্দি জেলা থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত ১৫ জন শিক্ষার্থীকে গুয়াহাটিতে এক বছরের জন্য আবাসন, খাবার এবং উন্নতমানের কোচিংয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের যাবতীয় ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন বলেও জানান ড. মিলন দাস।
বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। তাঁদের মতে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধা জেলার মেধাবী ও চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন তাঁরা।



