লায়ন্স ভ্যালি ভিউ ও এনডিআরএফের যৌথ উদ্যোগে স্কুল সেফটি প্রোগ্রাম গভঃ বয়েজে

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের এনসিসি (জেডি) ইউনিটের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি ‘স্কুল সেফটি প্রোগ্রাম’ তথা দুর্যোগ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ ও সচেতন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন এনসিসি-র সিটিও-৩ সাহিদুল চৌধুরী। পরে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায় কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিজের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।

এরপর এনডিআরএফ-এর ইন্সপেক্টর ইনাহোটা কে. প্রশিক্ষণ কর্মসূচির দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে সহযোগিতা করেন সাব-ইন্সপেক্টর দিনেশ কুমার এবং এনডিআরএফ-এর অন্যান্য সদস্যরা। কর্মসূচিতে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিভিন্ন ধরনের মক ড্রিলের ব্যবহারিক প্রদর্শন করা হয়। প্রতিটি মহড়ার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যা ও সচেতনতামূলক আলোচনা উপস্থাপন করেন ইন্সপেক্টর ইনাহোটা কে.।

মক ড্রিলে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও নিরাপদ সিদ্ধান্ত নিতে হয় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। বিদ্যালয়ের অধ্যক্ষা পারভিন সুলতানা লস্কর লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ ও এনডিআরএফ-কে এমন একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা দুর্যোগের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয়, সে সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেছে।

অনুষ্ঠানে জওহর দে মজুমদার, ড. সৃষ্টি নাথ, রাজু দাসসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর পরিচালক বাবুল কুমার ধন্যবাদজ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *