বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কেন্দ্রীয় রেশম বোর্ড, ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ‘মেরা রেশম মেরা অভিমান’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা স্টেকহোল্ডার পরামর্শ সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সহকারী রেশম উন্নয়ন অধিকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন অংশীজন, রেশম চাষি এবং রেশম দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সভার আগে জেলা কমিশনার জয় বিকাশের সঙ্গে সাক্ষাৎ করে কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন এবং কেন্দ্রীয় রেশম বোর্ডের বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজির উদ্দিন বেগ। জেলা কমিশনার হাইলাকান্দিতে মুগা রেশম চাষের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে এই খাতের উন্নয়নে সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন গ্রামীণ জীবিকা উন্নয়নে এড়ি ও মুগা রেশম চাষের গুরুত্ব তুলে ধরে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
কারিগরি অধিবেশনে ড. মোহাম্মদ মুজির উদ্দিন বেগ জেলার রেশম চাষের বর্তমান পরিস্থিতি, প্রযুক্তি গ্রহণ, রোগ ব্যবস্থাপনা ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মুক্ত আলোচনায় কৃষকরা তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। সভায় প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে এমআরএমএ ২.০ কর্মপরিকল্পনা, বেসলাইন সমীক্ষা এবং জেলার পাঁচ বছর মেয়াদি রেশম উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে। আগামী কয়েক মাসে মোহনপুর, বলদাবলদি ও হাইলাকান্দিসহ জেলার বিভিন্ন এলাকায় প্রযুক্তি প্রদর্শনী, কৃষক সচেতনতা শিবির, কৃষক মাঠ দিবস ও দক্ষতা উন্নয়নমূলক আরও আটটি কর্মসূচি আয়োজন করা হবে।
কর্মসূচিটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় রেশম বোর্ডের বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজির উদ্দিন বেগ এবং হাইলাকান্দির সহকারী রেশম উন্নয়ন অধিকর্তা জগদীশ শর্মা।



