মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ রবিউল আউয়ালকে সামনে রেখে শ্রীভূমি জেলাজুড়ে জুলুসে মোহাম্মদি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সেটেলমেন্ট সাহেববাড়িতে শ্রীভূমি জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়
সভায় জেলার বিশিষ্ট আলেম-ওলামা, সমাজসেবী, ধর্মপ্রাণ মুসল্লি এবং কমিটির সদস্যরা উপস্থিত থেকে জুলুস সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জুলুসে মোহাম্মদি উদযাপন কমিটির সভাপতি সুফি সৈয়দ মুফিদুল হোসেন মাদানি। উপস্থিত ছিলেন জাতুয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মওলানা ইমাদ উদ্দিন, সৈয়দ ইকবাল হোসেন, সৈয়দ জিয়াউর রহমান আকিক, সৈয়দ আবু সালেহ নজমুদ্দিন (মিরাবাড়ি), মওলানা ইসলাম উদ্দিন, মওলানা হাফিজুর রহমান, ইমাদ উদ্দিন আত্তারিসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ইমাদ উদ্দিন বলেন, ইসলাম শান্তি, মানবতা ও ভ্রাতৃত্বের ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর আদর্শ ও শিক্ষা সমাজে ভালোবাসা, ন্যায়বিচার, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে।
তিনি বলেন, ১২ রবিউল আউয়াল মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এবং বিশ্বের মুসলিমদের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রীভূমিতেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হবে।
সভাপতির বক্তব্যে সুফি সৈয়দ মুফিদুল হোসেন মাদানি জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেটেলমেন্ট মাইজডিহি বড় মসজিদ থেকে জুলুস শুরু হয়ে হারুন রশিদ ক্যাটেল মার্কেট পর্যন্ত পদযাত্রা করবে। তিনি জুলুস সফল করতে জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ ও শহরবাসীর সহযোগিতা কামনা করেন। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, এবারের জুলুসে মোহাম্মদিতে ডিজে বা উচ্চ শব্দের বিনোদনমূলক সাউন্ড সিস্টেম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ধর্মীয় পরিবেশ, শৃঙ্খলা ও পবিত্রতা বজায় রাখতে অংশগ্রহণকারীদের নাতে রাসূল, দরুদ শরিফ, জিকির-আজকার এবং ইসলামী স্লোগানের মাধ্যমে জুলুস পরিচালনার আহ্বান জানানো হয়।
এছাড়া জুলুসের রুট, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা থেকে সকলকে আইন মেনে, সম্প্রীতি বজায় রেখে এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করাই এবারের জুলুসে মোহাম্মদী উদযাপনের মূল লক্ষ্য।



