বরাক তরঙ্গ, ৩ আগস্ট : গোলাঘাট ওপেন ইনডোর স্টেডিয়ামে ২৮ থেকে ৩১ জুলাই অনুষ্ঠিত ষষ্ঠ অল আসাম ক্যালারিপায়াত্তু ও অষ্টম অল আসাম ভোভিনাম চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কাছাড় জেলা দল। ২০ সদস্যের দল মোট ২৯টি পদক জিতে ফিরেছে। এর মধ্যে রয়েছে ৮টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বিভাগের ৩৮ কেজি ক্যালারিপায়াত্তু ফাইটে আরিফ আহমদ লস্কর স্বর্ণপদক জয় করেন। অনূর্ধ্ব-১০ বিভাগে দক্সিতা বোস ক্যালারিপায়াত্তু ও ভোভিনামে দু’টি স্বর্ণপদক অর্জন করেন। স্বাতি রায় ভোভিনাম ফাইটে স্বর্ণ এবং সহস্র রায় ভোভিনামে স্বর্ণ ও ক্যালারিপায়াত্তু হাই কিকে রৌপ্য পদক লাভ করেন।
সিনিয়র বিভাগেও উজ্জ্বল পারফরম্যান্স করেন হেমন্ত দাস ও মানস দেব। হেমন্ত দাস দু’টি স্বর্ণসহ মোট চারটি পদক এবং মানস দেব একটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়াও রিত্তিকা দাস, সুরজ সিংহ, রাজেশ দাস, অভয় দে, দীক্ষা সিনহা, অভীক সিংনহা, দিয়া সিনহা ও ওম সানাতম্বা সিংহসহ একাধিক খেলোয়াড় পদক জিতে জেলার সুনাম বৃদ্ধি করেন।
দলের চিফ জুরি ছিলেন রামজয় দাস, কোচ ও রেফারি দীপক নন্দী এবং টিম ম্যানেজার রীতা দাস। খেলোয়াড়দের এই সাফল্যে জেলার ক্রীড়ামহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।



