৩ আগস্ট: গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাঝ আকাশে দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক পাইলট। রবিবার রাজধানী এথেন্সের পশ্চিমে অবস্থিত পসাথাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের খবর, গত এক সপ্তাহ ধরে গ্রিসের বিভিন্ন বনাঞ্চলে ভয়াবহ দাবানল জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে জল ছিটানোর কাজ চলছিল। এ সময় দুটি বেল হেলিকপ্টার কোনোভাবে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। একপর্যায়ে একটি হেলিকপ্টারের প্রোপেলারের সঙ্গে অপরটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি মাটিতে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত পাইলটকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বাতাসের কারণে দুটি হেলিকপ্টার একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে গ্রিসজুড়ে দাবানল আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও জটিল হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গ্রিস বর্তমানে চরম আবহাওয়ার মুখোমুখি। দেশের বহু এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যার ফলে অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টারের নিরাপদে অভিযান পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।



