বরাক তরঙ্গ, ২ আগস্ট : গঙ্গা সমগ্র, হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে আজ ধলেশ্বরী নদী-সংলগ্ন ঐতিহ্যবাহী লক্ষ্মীশহর শ্মশান কালীমন্দির প্রাঙ্গণে এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গঙ্গা সমগ্রের লক্ষ্য শুধু নদী পরিষ্কার রাখা নয়; নদী, পরিবেশ, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও সমাজজীবনের মধ্যে একটি সুস্থ ও টেকসই সম্পর্ক গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখে হাইলাকান্দি জেলা শাখা দীর্ঘদিন ধরে নদী সংরক্ষণ, নদীতীর পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা, পরিবেশ সচেতনতা এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।
ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী লক্ষ্মীশহর শ্মশান কালীমন্দির দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে নদীতীরকে সবুজায়নের মাধ্যমে শক্তিশালী করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এক মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজকদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে নদীভাঙন প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে গঙ্গা সমগ্রের আসাম প্রান্ত সংযোজক সুব্রত ভট্টাচার্য, জেলা সংযোজক ড. দেবাশিস গুহঠাকুরতা এবং বৃক্ষরোপণ প্রমুখ শ্রী বারিদ কান্তি পালের নেতৃত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া স্থানীয় মন্দির কমিটি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক, যুবসমাজ ও পরিবেশপ্রেমী মানুষের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে গঙ্গা সমগ্রের আসাম প্রান্ত সংযোজক সুব্রত ভট্টাচার্য, জেলা সংযোজক ড. দেবাশিস গুহঠাকুরতা এবং বৃক্ষরোপণ প্রমুখ বারিদ কান্তি পালের নেতৃত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া স্থানীয় মন্দির কমিটি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক, যুবসমাজ ও পরিবেশপ্রেমী মানুষের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচির সূচনা হয়। গঙ্গা সমগ্র, হাইলাকান্দি জেলা শাখার পক্ষ থেকে এই উদ্যোগে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
এদিকে, আগামী রবিবার সন্ধ্যা ৫টায় লক্ষ্মীশহর কালীমন্দির ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হবে। প্রকৃতি, নদী ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে সকলকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।



