বরাক তরঙ্গ, ২ আগস্ট : শিলচর শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন গণসুর ক্লাবের ৫৪তম প্রতিষ্ঠা দিবস শনিবার পাবলিক স্কুল রোডে গোপীনাথ ব্যাঙ্কুয়েট হলে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি অঞ্জন স্বামী উপস্থিত সদস্যদের মধ্যে পতাকা উত্তোলন করেন এবং প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরে সংগঠনের গৌরবময় ইতিহাস ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন। ক্লাবের প্রবীণ সদস্য রথীন্দ্র বিশ্বাসও আলোচনা করেন।
পতাকা উত্তোলনের পর উপস্থিত সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাবের সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপায় নিয়ে মতবিনিময় করা হয়। ক্লাবের সম্পাদক দেবাশিস সোম জানান, এদিন পতাকা উত্তোলন ছাড়া অন্য কোনো বড় কর্মসূচি করা হয়নি। তবে আগামী ৯ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টা থেকে গোপীনাথ ব্যাঙ্কুয়েট হলে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে—নাট্যপরিচিতি, গান ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানসমূহ পর্যবেক্ষণ করা হবে। সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।



