মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উজান অসমের বন্যাদুর্গত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বৃহস্পতিবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নিজের এক মাসের সম্পূর্ণ বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যেই এই অনুদান দেন তিনি।
সম্প্রতি উজান অসমে ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু পরিবার ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও দুর্গতদের সহায়তায় এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বিধায়কের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আমিনুর রসিদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ কোনও নির্দিষ্ট ব্যক্তি বা অঞ্চলের সমস্যা নয়; এটি সমগ্র সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। তাই সংকটের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, এক মাসের বেতন ত্রাণ তহবিলে প্রদান করা হয়তো সব সমস্যার সমাধান করবে না, তবে এটি সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেবে। তিনি আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।



