ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে কেশব মহন্তের কন্যার বিক্ষোভ, মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অসম সরকারের মন্ত্রী কেশব মহন্তের কন্যার বিক্ষোভকে ঘিরে এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি।

এদিকে, ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে প্রহ্লাদ যোশীকে দেশের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সিজেপি (CJP)-এর শর্ত মেনে নেওয়ার পর সংগঠনটি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর আগে সারা দেশজুড়ে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল সিজেপি।

কেশব মহন্তের কন্যার বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমার মনে হয়, আমার ছেলে-মেয়েরা কী করবে, তার জন্য আমি কীভাবে জবাব দেব? আমার সন্তানরাও আমার অনেক কথা শোনে না। তারা যদি মোদিজির বিরুদ্ধে কিছু বলে, তা আমার খারাপ লাগে। সুযোগ পেলে আমি মেয়েটির সঙ্গেও কথা বলব।”

উল্লেখ্য, রাজ্যের প্রবীণ মন্ত্রী কেশব মহন্তের কন্যা সম্প্রতি গুয়াহাটির সচল এলাকায় সিজেপি-র আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে বিক্ষোভে অংশ নেন। রাজনৈতিক পরিচয় ও পারিবারিক অবস্থানের ঊর্ধ্বে উঠে তিনি প্রতিবাদ মঞ্চে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। তাঁর এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *