লামডিং–বদরপুর পাহাড় লাইনে মেরামতির কাজ জোরকদমে, পরিবর্তিত একাধিক ট্রেনের সময়সূচী
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রবল বৃষ্টির জেরে লামডিং–বদরপুর পাহাড় রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশনে রেললাইনের নীচের মাটি ধসে যাওয়ায় রেল চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ট্র্যাক বসে যাওয়ার ফলে স্টেশনের ১ ও ২ নম্বর লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই দুই লাইনে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর জেরে একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেনের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে নিউ হারাঙ্গাজাও স্টেশনের ৩ নম্বর লাইন দিয়েই সীমিত পরিসরে সমস্ত ট্রেন চলাচল করানো হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অংশ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ জুলাইয়ের ১৫৬১৭ গুয়াহাটি–দুল্লভছড়া এক্সপ্রেস এবং ২৬ জুলাইয়ের ১৫৬১৮ দুল্লভছড়া–গুয়াহাটি এক্সপ্রেস সম্পূর্ণ বাতিল করা হয়েছে। একইভাবে ২৫ জুলাইয়ের ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ২৬ জুলাইয়ের ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস-ও বাতিল করা হয়েছে।
এছাড়া বেশ কয়েকটি ট্রেনের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। ১৫৬৫০ লামডিং–আগরতলা এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরিবর্তে বিকেল ৫টায় ছাড়বে। ১৫৬৪৯ আগরতলা–লামডিং এক্সপ্রেস রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। ১৫৬০৯ গুয়াহাটি–সাইরাং এক্সপ্রেস রাত ১১টায় এবং ১৫৬১০ সাইরাং–গুয়াহাটি, ১৫৬২৬ আগরতলা–দেওঘর ও ১৫৬১১ রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেস রাত ১১টা ৩০ মিনিটে চলবে। ১৫৬১২ শিলচর–রঙ্গিয়া এক্সপ্রেস ২৬ জুলাই ভোর ৫টায় ছাড়বে। এছাড়া ০১৬৬৫ রাণী কমলাবতী–আগরতলা বিশেষ ট্রেন পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে প্রকৌশলী ও ঊর্ধ্বতন আধিকারিকদের তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। পাশাপাশি ৩ নম্বর লাইনের নিরাপত্তাও নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, যাতে সীমিত পরিসরে হলেও নিরাপদে ট্রেন চলাচল অব্যাহত রাখা যায়। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচী যাচাই করার পরামর্শ দিয়েছে রেলওয়ে। পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে আগামী দিনগুলিতেও ট্রেন চলাচলের সূচিতে আরও পরিবর্তন আনা হতে পারে বলে জানানো হয়েছে।



