বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচরের মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে শনিবার আয়োজিত এক যৌথ কনভেনশনে “ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনস”-এর স্থানীয় শাখা গঠন করা হয়েছে। ছয়টি পেনশনার্স সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কনভেনশন থেকে কেন্দ্রীয় সরকারের প্রণীত “Validation Act of CCS Pension Rules, 1972 (2025)”-কে পেনশনভোগীদের স্বার্থবিরোধী বলে অভিহিত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়।
কনভেনশনে বক্তারা সুপ্রিম কোর্টের ঐতিহাসিক D.S. Nakara & Others বনাম Union of India মামলার রায়ের উল্লেখ করে বলেন, পেনশন কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। তাঁদের বক্তব্য, একটি “Validation Act” প্রণয়ন করে সেই অধিকার খর্ব করা যায় না। পাশাপাশি অবসরের তারিখের ভিত্তিতে পেনশনভোগীদের মধ্যে বৈষম্য সৃষ্টি অসাংবিধানিক বলেও মত প্রকাশ করেন তাঁরা। বক্তাদের দাবি, পেনশন মূলত চাকরিকালীন বেতনেরই বর্ধিত অংশ।

নবগঠিত স্থানীয় শাখা কেন্দ্রীয় ও রাজ্য ফোরামের সঙ্গে সমন্বয় রেখে পেনশনভোগীদের স্বার্থরক্ষায় সাংগঠনিক ও আইনি আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি এবং নিশ্চিত পেনশন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিমা সংস্থার পেনশনারদের বেতন পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন পুনর্নির্ধারণের দাবিতেও আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কনভেনশনে সর্বসম্মতিক্রমে সমীরন ভট্টাচার্যকে সভাপতি এবং সুজিত চৌধুরীকে সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ১৭ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। আয়োজকদের দাবি, শুরুতে ছয়টি কেন্দ্রীয় সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার পেনশনার্স সংগঠন এই উদ্যোগে অংশ নিলেও পরে আরও চারটি সংগঠন এতে যুক্ত হয়েছে।



