বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও বিক্রমপুরে ওয়াসাক যুব সংঘের উদ্যোগে বড়খলা ও কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ফিরা রথ মিলন মহোৎসব। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মহোৎসবে হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সূচনায় কুলমণি মিশ্র যজুর্বেদীয় স্বস্তিবাচন মন্ত্র পাঠ করেন। পরে জগন্নাথ আরতির মাধ্যমে সমগ্র প্রাঙ্গণে এক আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ বছর মাঠে পাঁচটি রথের সমাবেশ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
মহোৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বুরুঙ্গা গ্রামের এক প্রতিযোগী প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান লাভ করে মোহনপুর এবং তৃতীয় স্থান অধিকার করে টিকরবুরুঙ্গার প্রতিযোগী। বিজয়ীদের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
পুরুষ, মহিলা ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়দের মতে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুঙ্গা স্টার সিমেন্টের এইচআর আনন্দ চতুর্বেদী, শিবম দাস এবং দেবাশিস মিশ্র।
সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বিক্রমপুর ওয়াসাক যুব সংঘের সভাপতি বিজনকুমার সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রূপেশ শর্মা, কার্যকরী সভাপতি প্রণয়কুমার সিনহা, সম্পাদক রবিসানা সিনহা, সাংস্কৃতিক সম্পাদক বাসুদেব সিনহা, ক্রীড়া সম্পাদক সমরজিৎ সিনহা, কোষাধ্যক্ষ পুতুল সিনহা, সদস্যা মনিষা সিনহাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ফিরা রথ মিলন মহোৎসব উদযাপন কমিটির সভাপতি বিট্টু সিনহা ও সম্পাদক সুজিত সিনহাসহ কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।



