২৪ জুলাই : নারী, ছাত্রী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর উদ্যোগে হায়দরাবাদের বাগ লিঙ্গামপাল্লির সুন্দরাইয়া বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক জাতীয় অভিবর্তন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও ছাত্রনেতারা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ড. জি রাধারানি। তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিতে দেশ এগিয়ে গেলেও নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। পকসো, নির্ভয়া, দিশা, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ ও যৌতুকবিরোধী আইনের মতো কঠোর আইন থাকা সত্ত্বেও বহু নির্যাতিত নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসআইআর-নিসকায়ারের (CSIR-NISCAIR) অবসরপ্রাপ্ত প্রধান বিজ্ঞানী, কবি ও তথ্যচিত্র নির্মাতা গওহর রাজা। তিনি বলেন, সমাজে নারী ও কন্যাশিশুর প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি গভীরভাবে প্রোথিত। এর ফলে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ঘটনাকে অনেকেই স্বাভাবিকভাবে গ্রহণ করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিশিষ্ট রাজনৈতিক অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। পাশাপাশি কর্মক্ষেত্রে সমান কাজ করেও নারীরা এখনও সমান পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন।
সম্মেলনে এআইডিএসও-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ, যুগ্ম সম্পাদক শ্রুতি শিবহারে-সহ অন্যান্য ছাত্রনেতারা বক্তব্য রাখেন। বক্তারা নারী ও শিশুদের ওপর বাড়তে থাকা নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাদের মতে, এটি শুধু নির্যাতনের বিরুদ্ধেই নয়, সমাজে চলমান সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধেও একটি প্রতিবাদ।
অভিবর্তনে সর্বসম্মতিক্রমে দু’টি প্রস্তাব গৃহীত হয়। প্রথমটি নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের প্রতিবাদে এবং দ্বিতীয়টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিন্দা জানিয়ে এনটিএ (NTA) বিলুপ্তির দাবিতে। এছাড়া নয়াদিল্লির যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানানো হয়।
এআইডিএসও-র কেন্দ্রীয় সহ-সভাপতি অশ্বিনী কে. এস.-এর নেতৃত্বে পরিচালিত এই অভিবর্তনে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলে নারী ও শিশুদের ন্যায়বিচার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার গ্রহণ করা হয়।
সম্মেলনে অসম থেকে সংগঠনের রাজ্য কাউন্সিলের অন্যতম সহ-সভাপতি স্বাগতা ভট্টাচার্যের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রবীন্দ্রসদন গার্লস কলেজের ছাত্রী রাধা কোহার আসামে ছাত্রী ও শিশুদের ওপর সংঘটিত বিভিন্ন নির্যাতনের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন।



