শিলচরে ভক্তিময় পরিবেশে ইসকনের উল্টো রথযাত্রা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই :
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে শুক্রবার শিলচরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা অনুষ্ঠিত হয়। রাঙ্গিরখাড়ি থেকে শুরু হওয়া সুসজ্জিত রথ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা শেষে অম্বিকাপট্টি-স্থিত ইসকন মন্দিরে এসে যাত্রা সম্পন্ন করে।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই বাহুদা যাত্রা রথযাত্রার নয় দিন পর পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এর মধ্য দিয়েই বার্ষিক রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্টো রথযাত্রা উপলক্ষে রাঙ্গিরখাড়ি থেকে বের হওয়া শোভাযাত্রায় শত শত ভক্ত অংশ নেন। হরিনাম সংকীর্তন, ভজন, খোল-করতাল এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে শ্রীজগন্নাথের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন।

শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে অম্বিকাপট্টি-স্থিত ইসকন মন্দিরে পৌঁছায়। সেখানে বিশেষ পূজা-অর্চনা, আরতি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

ভক্তদের বিশ্বাস, বাহুদা যাত্রায় অংশগ্রহণ এবং শ্রীজগন্নাথের দর্শন জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনে। এদিন ইসকন মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগমে এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *