জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলতে থাকা প্রতিবাদ ও বিক্ষোভের প্রেক্ষিতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট বিএনএসএস এর ১৬৩ ধারা জারি করেছেন। এর অধীনে হাইলাকান্দি জেলায় জনসমাবেশ, মিছিল, পথ অবরোধ এবং অন্যান্য ধর্ণার আয়োজন হতে পারে, যা জনশান্তি বিঘ্নিত করার পাশাপাশি যান চলাচল ও জরুরি পরিষেবাগুলোতে বাধা সৃষ্টি করতে পারে এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে, যা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জনসাধারণের সুরক্ষা ও শান্তি বজায় রাখার উদ্দেশ্যে প্রশাসন উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনও পাবলিক স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া, অফিসিয়াল অনুমতি ছাড়া মিছিল, বিক্ষোভ, ধরণা, পথ অবরোধ বা জনসভার আয়োজন করা বা তাতে অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকছে। পাবলিক স্থানগুলোতে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, তলোয়ার, বল্লম, লাঠি, লোহার রড, ধারালো বস্তু বা অন্য যেকোনো সম্ভাব্য অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে; কেবল সরকারি দায়িত্ব পালনকারী অনুমোদিত কর্মীরাই এর আওতামুক্ত থাকবেন। তদুপরি, হিংসাত্মক কাজে প্ররোচনা দেওয়া, জনশৃঙ্খলা বিঘ্নিত করা, যানবাহন চলাচলে বাধা দেওয়া কিংবা সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও জরুরি পরিষেবার কাজে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে যেকোনো কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো বা যেকোনও ধরনের ভাঙচুর ও সম্পত্তির ক্ষতিসাধনও নিষিদ্ধের তালিকায় রয়েছে।
প্রশাসনিক এই আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিএনএসএস (BNSS), ২০২৩ এবং অন্যান্য প্রযোজ্য আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



