বরাক তরঙ্গ, ২৩ জুলাই : জাতীয় সড়কের বেহাল দশা, নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরার বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে কংগ্রেস। খোয়াই-ধলাবিল জাতীয় সড়কে ‘রাস্তা রোকো’ কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অন্যদিকে, ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর-ধর্মনগর ও কৈলাসহর-কুমারঘাট সংযোগকারী ২০৮ নম্বর জাতীয় সড়কের চিড়াকুটি এলাকায় অবরোধ গড়ে তোলা হয়। অবরোধ তুলে দিতে গেলে পুলিশ আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, তরুণ সাহা-সহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থক।
অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, কংগ্রেস আমলে জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন মিললেও বিজেপি সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যেই জাতীয় সড়কের বিভিন্ন অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তিনি আরও অভিযোগ করেন, দিল্লি থেকে ত্রিপুরা পর্যন্ত প্রকল্পে কাটমানির রাজনীতি চলেছে। এর ফলেই নিম্নমানের কাজ হয়েছে এবং সাধারণ মানুষকে তার মূল্য দিতে হচ্ছে।

বিরজিৎ সিনহার দাবি, জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন যাত্রী, ব্যবসায়ী ও পণ্যবাহী যানবাহনের চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। কয়েকদিন আগে রাজ্যের এক মন্ত্রীর গাড়িও খারাপ রাস্তার কারণে আটকে পড়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
অবরোধের জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়।



