বরাক তরঙ্গ, ২২ জুলাই : বন্যা পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে উদ্ধার অভিযান সম্পন্ন করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর দল দ্রুতগতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
বুধবার মুখ্যমন্ত্রী সহকর্মীদের নিয়ে স্পিডবোটে করে শিবসাগর জেলার বেতবাড়ি এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি জানান, বিভিন্ন প্রান্তে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ত্রাণ শিবিরগুলোও সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। বন্যাদুর্গতদের এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে আপনাদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এদিকে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগরের বেতবাড়ির আলিমূর এলাকাও পরিদর্শন করেন। পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির (ক্লাউডবার্স্ট) পর ওই এলাকা প্লাবিত হয়। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।



