জগন-যিশুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল আসাম বিশ্ববিদ্যালয়

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৮৬ সালের ২১ জুলাই মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনেই শ্রীভূমি জেলায় মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে ভাষা শহিদ হন জগন্ময় দেব ও দিব্যেন্দু (যিশু) দাস। তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদ দিবস পালিত হয়। বিভাগীয় ছাত্রছাত্রী ও গবেষকদের পরিবেশিত উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান বক্তা অধ্যাপক ইংরেজি বিভাগের অধ্যাপক অনুপ কুমার দে অত্যন্ত প্রাঞ্জল, মননশীল ও গবেষণাসমৃদ্ধ বক্তৃতায় ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার অপরিহার্যতা, বিশ্বজুড়ে ভাষাগত আগ্রাসন, ভাষা ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক, ভাষার মানবিক ও ঐতিহাসিক তাৎপর্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিশদভাবে তুলে ধরেন। তাঁর সুচিন্তিত বিশ্লেষণ, গভীর পাণ্ডিত্য এবং হৃদয়গ্রাহী উপস্থাপনা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের গভীরভাবে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করে।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক সুমন গুণ ভাষা শহিদদের আত্মত্যাগের তাৎপর্য স্মরণ করে মাতৃভাষার সংরক্ষণ, চর্চা ও প্রসারে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক শান্তনু সরকার সুমধুর সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে এক বিশেষ আবহ সৃষ্টি করেন। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপক অর্জুনদেব সেনশর্মা।

এই অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও গবেষক-গবেষিকাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, গবেষক-গবেষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *