পুটিছড়া-লেবুরবন্দে জিসি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের দাবিতে আন্দোলন জোরদার

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জুলাই: বৃহত্তর দুধপাতিল এলাকার পুটিছড়া-লেবুরবন্দে গুরুচরণ (জিসি) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে আন্দোলন আরও তীব্র করেছে জি.সি. ইউনিভার্সিটি ক্যাম্পাস ডিমান্ড কনভেনার কমিটি। মঙ্গলবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে এই দাবি পুনর্ব্যক্ত করা হয়।

কমিটির নেতৃবৃন্দের দাবি, পুটিছড়া-লেবুরবন্দ এলাকা ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত সরকারি খাস জমি এবং ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনার কারণে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।
তাদের বক্তব্য, প্রস্তাবিত এলাকায় ২০০ বিঘারও বেশি সরকারি খাস জমি রয়েছে। ফলে অতিরিক্ত ভূমি অধিগ্রহণের প্রয়োজন অনেকাংশে কমে যাবে এবং দ্রুত ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।

কমিটির মতে, এখানে নতুন ক্যাম্পাস গড়ে উঠলে বরাক উপত্যকায় উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার ঘটবে। পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং উত্তর শিলচরসহ বৃহত্তর দুধপাতিল অঞ্চলের সামগ্রিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এছাড়াও প্রস্তাবিত জমির বিভাগীয় ভূমি যাচাইকরণ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের কাছেও স্মারকলিপি দেওয়া হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *