মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : পাথারকান্দি-রাতাবাড়ি সড়কের দোহালিয়া পাহাড়ের ঘিলাইটিকর ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ১৩ বছরের কিশোর মেহবুব হোসেন। একই দুর্ঘটনায় তাঁর মা ইয়ারুন নেছা, মামা শাকিল আহমদ এবং দিদিমা লোদী বিবি গুরুতর আহত হন। আহতদের মধ্যে ইয়ারুন নেছা ও শাকিল আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এএস-১০-এসি-০৭৯১ নম্বরের একটি অটোরিকশায় করে পরিবারের সদস্যরা মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেরার পথে দোহালিয়া পাহাড়ের ঘিলাইটিকর ভিউ পয়েন্ট সংলগ্ন একটি বিপজ্জনক বাঁকে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অটোরিকশাটি প্রায় ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইয়ারুন নেছা ও শাকিল আহমদকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত লোদী বিবি বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, নিহত মেহবুব হোসেন কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েতের সদস্য ফরিজ উদ্দিনের ভ্রাতুষ্পুত্র। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, রাতাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চালকসহ সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।



