যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে সরানোর অভিযোগে কেন্দ্র ও দিল্লি পুলিশের সমালোচনায় এআইডিএসও

Spread the news

১৮ জুলাই : দিল্লির যন্তর মন্তর থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে বলপূর্বক সরিয়ে দেওয়া এবং বিক্ষোভ কর্মসূচি বানচালের চেষ্টার অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)।

শনিবার এক প্রেস বিবৃতিতে এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ বলেন, গত এক মাসেরও বেশি সময় ধরে এনটিএ (NTA)-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে দেশের রাজধানী জন্তর মন্তরসহ বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রী, যুবসমাজ, অভিভাবক ও সাধারণ মানুষ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা এনটিএ-র বিলুপ্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ঘটনার জবাবদিহির দাবি জানিয়ে আসছেন। বিবৃতিতে দাবি করা হয়, এই দাবিগুলিকে সামনে রেখে সোনম ওয়াংচুকসহ কয়েকজন ছাত্রছাত্রী অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করছেন। এআইডিএসও-র মতে, এই অনশন দেশের ছাত্রসমাজ, অভিভাবক এবং শিক্ষানুরাগী মানুষের ক্রমবর্ধমান ক্ষোভেরই বহিঃপ্রকাশ।

সংগঠনের দাবি, টানা ২০ দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারীর স্বাস্থ্যের অবনতি উদ্বেগজনক। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার পরিবর্তে সরকার তাঁদের বিক্ষোভস্থল থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার পথ বেছে নিয়েছে, যা অগণতান্ত্রিক এবং নাগরিক অধিকারের পরিপন্থী।

এআইডিএসও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশবাসী, বিশেষ করে ছাত্রসমাজের প্রতি আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংগঠনটি দাবি করেছে, ভিন্নমত দমনের পরিবর্তে সরকার যেন সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে তাঁদের দাবিগুলি বিবেচনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *