সেবা সেতু পোর্টাল ও এআরটিপিএস আইন নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেলের উদ্যোগে শুক্রবার প্রেমেন্দ্র মোহন গোস্বামী সম্মেলন কক্ষে ‘সেবা সেতু পোর্টালের মাধ্যমে নাগরিকমুখী পরিষেবা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস প্রোগ্রাম অফিসাররা অংশগ্রহণ করেন। এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন। তিনি আসাম রাইট টু পাবলিক সার্ভিসেস (সংশোধনী) আইন, ২০২৪ বাস্তবায়নের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

স্বাগত ভাষণে এনএসএস সেলের সমন্বয়কারী অধ্যাপক এম. গঙ্গাভূষণ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস প্রোগ্রাম অফিসাররা নিজ নিজ এলাকায় সচেতনতা গড়ে তোলার মাধ্যমে এআরটিপিএস (সংশোধনী) আইন, ২০২৪-এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য অসম সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন এআইটিইসি এবং সিএসডি সোসাইটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই যৌথ উদ্যোগ বরাক উপত্যকায় নাগরিক পরিষেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে সহায়ক হবে।

প্রধান রিসোর্স পার্সন এআইটিইসি-র ড. হেমন্ত রাভা এআরটিপিএস (সংশোধনী) আইন, ২০২৪-এর গুরুত্বপূর্ণ বিধান ও নিয়মাবলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের শেষে এআইটিইসি ও সিএসডি সোসাইটির লক্ষীনন্দন গোস্বামী ধন্যবাদজ্ঞাপন করে কর্মশালায় অর্জিত জ্ঞান নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং বৃহত্তর সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এদিন এমবিএ বিভাগের কম্পিউটার ল্যাবে সেবা সেতু পোর্টালের ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নাগরিক পরিচয়পত্র তৈরি, বিভিন্ন সরকারি পরিষেবার জন্য অনলাইন আবেদন, আপিল ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সেবা সেতু পোর্টালের কার্যকর ব্যবহার সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *