বরাক তরঙ্গ, ১৭ জুলাই: গোয়ালপাড়া জেলার ধনুভাঙা এলাকায় জাতীয় সড়কে বন্য হাতির তাণ্ডবে এক স্কুটির আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবারের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বন্য হাতি হঠাৎ রাজপথে উঠে এসে চলন্ত স্কুটারের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই হাতিটি স্কুটার আরোহীকে শুঁড়ে তুলে রাস্তা থেকে টেনে নিয়ে যায় এবং নির্মমভাবে পিষে হত্যা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির পরিচয় জোহর সিং আর মরক হিসেবে জানা গেছে। তিনি গোয়ালপাড়া জেলার বালিজানা ভান্দ্রা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বনদপ্তর ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধনুভাঙা এলাকায় প্রায়ই বন্য হাতির বিচরণ দেখা যায়। এর ফলে পথচারী ও যানবাহন চালকদের প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর বনদপ্তরের কাছে বন্য হাতির অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, জনবসতিপূর্ণ এলাকা ও রাজপথে নজরদারি বাড়ানো এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



