বরাক তরঙ্গ, ১৬ জুলাই : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে ভক্ত ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানীয়জল বিতরণ করা হয়। ইটখোলা এলাকায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখার বিপরীতে আয়োজিত এই সেবামূলক কর্মসূচিতে রথযাত্রার চারটি শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্ত এবং পথচারীদের প্রচণ্ড গরমে স্বস্তি দিতে পানীয় জল পরিবেশন করেন ক্লাবের সদস্যরা।
এই মানবিক উদ্যোগে প্রকল্পের চেয়ারপার্সন বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জীব রায়, সুবীর দে, রাজদীপ দাস, পুষ্পাবতী রায়সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসব উপলক্ষে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভক্ত ও সাধারণ মানুষও এই উদ্যোগের প্রশংসা করেন।



