মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই: শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর শুভ তিরোধান তিথি উপলক্ষে শ্রীভূমি জেলার বাজারিছড়ার কালাছড়া রাধারমণ সেবাশ্রমে আগামী ১৭ জুলাই দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।
এ দিন ভোর থেকে বিশেষ পূজার্চনা, নামসংকীর্তন, গুরুস্মরণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভজন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। গুরুদেবের ভক্তি, মানবসেবা ও আধ্যাত্মিক আদর্শ স্মরণে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর উদ্দেশ্যে বিশেষ অঞ্জলি নিবেদন করা হবে। এ সময় বিপুল সংখ্যক ভক্ত, গুরুভ্রাতা-ভগিনী ও ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
রাধারমণ সেবাশ্রমের পক্ষ থেকে সকল গুরুভ্রাতা ও গুরুভগিনীকে এদিন নিরামিষ আহার গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বাজারিছড়া রাধারমণ সেবক সংঘের কর্মকর্তারা এলাকার ধর্মপ্রাণ মানুষ ও সকল ভক্ত-অনুরাগীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
রাধারমণ সেবক সংঘের প্রচার সম্পাদক মোহন দাস বলেন, শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী জিউর শুভ তিরোধান তিথি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শুধু ধর্মীয় আচার নয়, বরং ভক্তি, ঐক্য, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার একটি পবিত্র উপলক্ষ। তিনি সকল ভক্তকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।



