দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর লিমিটেডের চতুর্থ বার্ষিক সাধারণ সভা রবিবার সংগঠনের নিজস্ব প্রাঙ্গণে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, প্রায় ৬০ শতাংশ সদস্য ও কর্মী সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, সাফল্য এবং সামাজিক দায়বদ্ধতার বিষয় তুলে ধরে বলেন, কো-অপারেটিভ শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এদিন ২০২৫–২৬ অর্থবর্ষের আয়-ব্যয়, আর্থিক লেনদেন এবং লাভ-ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। হিসাব-নিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন মূল্যবান পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত হয়।
সভায় কো-অপারেটিভের বর্তমান সমস্যা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে রাজ্য সরকারের সহযোগিতা কামনা করা হয়।
সদস্যরা গত কয়েক বছরে প্রতিষ্ঠানের আর্থিক অগ্রগতির প্রশংসা করে পরিচালন কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। সভার শেষে সদস্যরা কো-অপারেটিভের সার্বিক উন্নয়ন, সদস্যস্বার্থ রক্ষা এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।



