শ্রীভূমিতে জাতীয় সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা; দ্রুত সংস্কারের দাবি যুব কংগ্রেসের

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুলাই : শ্রীভূমি জেলার জাতীয় সড়ক এনএইচ-৩৭-এর দীর্ঘদিনের বেহাল অবস্থা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে জেলা যুব কংগ্রেস। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অবস্থা এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিনই সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে বলেন, গত কয়েক মাস ধরে এনএইচ-৩৭-এর অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলেও স্থানীয় শাসকদলের জনপ্রতিনিধিরা এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাঁর অভিযোগ, এলাকার সাংসদ কৃপানাথ মালাহও এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা নিরসনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, রাস্তার গভীর গর্ত ও জমে থাকা বৃষ্টির জলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের সময় যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে সাধারণ যাত্রী, পরিবহন চালক এবং জরুরি পরিষেবার যানবাহনও সমস্যার সম্মুখীন হচ্ছে।

যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে জাতীয় সড়কটির সংস্কার ও মেরামতের কাজ শুরু করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বর্ষাকালে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপেরও আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *