মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার মাগুরা পুঞ্জিতে নির্মিত হয়েছে একটি নতুন পাকা সেতু। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাঁচা সেতুর ওপর নির্ভরশীল শতাধিক পরিবারের কাছে এই সেতু নিরাপদ যোগাযোগ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
প্রায় ৯ থেকে ১০ মাস আগে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই), পার্বত্য বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রয়াত আনলাল চড়েইয়ের বাড়ির সামনে অবস্থিত জরাজীর্ণ কাঁচা সেতুটি পরিদর্শন করেন। এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে তিনি দ্রুত একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে সম্প্রতি সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।
স্থানীয়দের মতে, এতদিন বিদ্যালয়গামী ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রবীণ এবং অসুস্থ রোগীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে কাঁচা সেতু পার হতে হতো। বিশেষ করে বর্ষাকালে প্রবল বৃষ্টি ও স্রোতের কারণে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠত। নতুন পাকা সেতু নির্মাণের ফলে সেই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে সভানেত্রী ভানসনজন চড়েই, ভানসনমান চড়েই এবং গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁদের সম্মিলিত উদ্যোগে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হওয়ায় এলাকাজুড়ে সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঝেরঝরি জিপির প্রাক্তন সভাপতি ও সমাজসেবী আব্দুল মান্নান বলেন, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেওয়ায় এলাকাবাসী অত্যন্ত খুশি। তাঁর মতে, এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, বরং বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তির প্রতীক।



