দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : কলকাতা থেকে আগত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋষি চক্রবর্তীর পরিচালনায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে একদিনের বিশেষ সঙ্গীত কর্মশালার শুভ সূচনা হয়। পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি, শিল্পী ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, মঙ্গলা নাথ, মঞ্জুশ্রী দাস, সর্বানি ভট্টাচার্য, কল্যাণী দাম, অপু সূত্রধর, সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক অজয় রায় এবং সাংস্কৃতিক সংগঠক জয়দীপ চক্রবর্তী। এছাড়া ফকিরা লোকগীতি সঙ্গীত সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সায়ন রায়, কুটন দেবরাজ ভট্টাচার্য, নিরূপম বড় ভূঁইয়া ও শুভ্রাংশু পাল। কর্মশালায় প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় ঋষি চক্রবর্তী বাংলা শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তিনি তাঁর স্বতন্ত্র সঙ্গীতচর্চা, পরিবেশনশৈলী এবং শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাথমিক থেকে জটিল সঙ্গীত কৌশল অনুশীলনের পাশাপাশি সরাসরি তাঁর কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান।
আয়োজকদের বক্তব্য, এ ধরনের কর্মশালা স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের সঙ্গীতচর্চাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও তরুণ-তরুণীদের সঙ্গীত শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বাড়াতে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হবে বলে তারা জানান।



