বরাক তরঙ্গ, ৫ জুলাই : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত চেনিমারি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় লাহরিঘাট অঞ্চলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত দুই শিশু দাতিয়ালবড়ীর জহিরুল ইসলামের ৯ বছর বয়সী পুত্র আব্দুল আনসারি এবং সেনিমারির রাজিবুল ইসলামের ৬ বছর বয়সী কন্যা রাইনা আফ্রিণ।
জানা গেছে, রাইনা আফ্রিণের বাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁর মামাতো ভাই আব্দুল আনসারি। এদিন বিকেলের দিকে তারা দুজনেই বাড়ির পাশে খেলতে যায়। খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের জলে তারা পড়ে যায়। দীর্ঘক্ষণ না ফেরায় পরিবার ও স্থানীয়রা খোঁজ শুরু করে। পরে স্থানীয় জনতা বহু খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে এবং দ্রুত তাদের লাহরিঘাট হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা ইতিমধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানান। ঘটনাস্থলে লাহরিঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ময়নাতদন্তের জন্য শিশুদের মরদেহ মরিগাঁও সিভিল হাসপাতালে প্রেরণ করে।


