বরাক তরঙ্গ, ২৯ জুন : ‘যে যত বেশি কষ্ট করবে, সে তত বেশি সফলতা অর্জন করবে। আজ যদি আরামে সময় কাটাও, তাহলে ১০-১২ বছর পর তার সুফল পাবে না। তাই এখনই সময় মনোযোগ দিয়ে পড়াশুনা করার, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার।’ – ছাত্রছাত্রীদের উদ্দেশে এমনই অনুপ্রেরণামূলক বার্তা দিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
সোমবার দেবেন্দ্রনগরস্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সহযোগিতায় আয়োজিত ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি পড়াশুনার পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির সিইও তথা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি ও বিদ্যালয়ের পরিচলন সমিতির সভাপতি মুকেশ আগরওয়ালের সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর এধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির সিইও মুকেশ আগরওয়াল, লায়ন্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষের সভাপতি ডাঃ স্বপনকুমার দাস, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এনাম উদ্দিন এবং মার্কেটিং কমিউনিকেশন চেয়ারম্যান শমীন্দ্র পাল। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের ২৪০ জন ছাত্রছাত্রীর হাতে বর্ষাকালের প্রয়োজনীয় ছাতা তুলে দেওয়া।পাশাপাশি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীকেও সম্মানস্বরূপ উপহার প্রদান করা হয়। উপস্থিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং অতিথিদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।



