বরাক তরঙ্গ, ২৯ জুন : সমাজসেবার অঙ্গীকারকে সামনে রেখে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে এবং ভ্যালি স্ট্রং সিমেন্টের সহযোগিতায় সোমবার বদরপুরের জিআরপি কলোনি ভারত স্কাউট অ্যান্ড গাইড প্রাঙ্গণে একটি বিনামূল্যের ক্যাটারাক্ট (চোখের ছানি) শনাক্তকরণ ও আইওএল মাইক্রোসার্জারি নির্বাচন শিবির অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এই শিবিরে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। শিলচর লায়ন্স আই হসপিটালের চিকিৎসক ডা. মনিদীপ চক্রবর্তী ও তাঁর অভিজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে মোট ৭০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২০ জনের চোখে ছানি ধরা পড়ে। তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে আইওএল (Intraocular Lens) সার্জারির জন্য শিলচর লায়ন্স আই হসপিটালে পাঠানো হয়েছে। অস্ত্রোপচার, লেন্স, প্রয়োজনীয় ওষুধ, হাসপাতালে থাকা এবং খাবারের সমস্ত ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। এছাড়াও, পরীক্ষায় ৩৫ জনের দৃষ্টিশক্তির সমস্যা চিহ্নিত হওয়ায় তাঁদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের সভাপতি লায়ন মুকেশ আগরওয়াল, লায়ন ডা: স্বপন কুমার দাস, লায়ন প্রদীপ্ত কুমার দে, লায়ন সুজিত কর, লায়ন গুরুনন্দন ঘোষ, লায়ন এনাম উদ্দিন, লায়ন মনীশ পাল, লায়ন শমীন্দ্র পাল, লায়ন সমরজিৎ চক্রবর্তী এবং স্বেচ্ছাসেবী অনুরাধা বসু।
আয়োজকদের পক্ষে পিআরও শমীন্দ্র পাল জানান, ২০২৫-২০২৬ সালের লায়নষ্টিক বছরের এটা ক্লাবের ১৫ তম চক্ষু শিবির। সমাজের অসহায় ও প্রয়োজনীয় মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জুলাই মাস থেকে ২০২৬-২০২৭ লায়নষ্টিক বছর শুরু হবে। আর জুলাই মাসের ২০ তারিখে বদরপুর ঘাটে নতুন বছরের প্রথম শিবির অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবিরের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।



