বরাক তরঙ্গ, ২৯ জুন : পূর্ব শিলচরের সোনাই রোডের পেশকার লেনে রবিবার জনসম্প্রীতির উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে পূর্ব শিলচর ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ২৫৬-রও বেশি মানুষ অংশ নিয়ে বিনা খরচে চোখের পরীক্ষা করান।
ইয়ার্সি আই হসপিটালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে অংশগ্রহণকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত চশমার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, যাঁদের প্রয়োজন ছিল তাঁদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
জনসম্প্রীতির সভাপতি প্রসেনজিৎ দেব জানান, মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে আয়োজন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাজেশ দাস, সহ-সভানেত্রী নিতা পাল, সাধারণ সম্পাদক অভিনব রায় বর্মন, সম্পাদক জুয়েল দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্যা রানী রবিদাসসহ সংগঠনের অন্যান্য কার্যকর্তারা।
শিবিরে অংশগ্রহণকারী সাধারণ মানুষ এ ধরনের স্বাস্থ্যসেবা শিবির নিয়মিত আয়োজনের দাবি জানান।



