বরাক তরঙ্গ, ২৯ জুন : বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জরুরি স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। সোমবার শিলচরের রামনগরস্থিত বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে একটি স্থায়ী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়।
এই স্বাস্থ্য পরিসরে দু’টি বেড, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং বিভিন্ন জরুরি ওষুধের ব্যবস্থা করা হয়েছে, যাতে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা যায়। বিশেষ করে ছাত্রীদের জন্য এই ধরনের স্বাস্থ্যসেবা অত্যন্ত প্রয়োজনীয় বলে মত প্রকাশ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন সাহা।
অধ্যক্ষ জানান, বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১,১০০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে অনেক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে ক্ষেত্রে এই স্থায়ী স্বাস্থ্য পরিসর শিক্ষার্থীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব বলেন, “প্রতিটি বিদ্যালয়ে এমন একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকা অত্যন্ত জরুরি। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া গেলে পরবর্তী চিকিৎসা অনেক সহজ হয় এবং বড় ধরনের ঝুঁকি থেকেও তাকে রক্ষা করা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডাঃ জুরি শর্মা, রাজা ভট্টাচার্য, দিলীপ জৈন, ললিত বর্মা, ডা. রোহিত সিনহা ও তাঁর সহধর্মিণী, সহ-সভাপতি শর্মিলা সোম, লিপিকা রায় এবং জমিদাতা বিমলেন্দু রায়-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের এই মানবিক উদ্যোগকে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানান।



