তারাতলা বিপর্যয়: এ পর্যন্ত ৯ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকে রয়েছেন একাধিক শ্রমিক

Spread the news

২৫ জুন : কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে সেনাবাহিনী, এনডিআরএফ, দমকল, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে চলছে জোরকদমে উদ্ধার অভিযান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী দলের দাবি, এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। তাঁদের সন্ধানে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে সেনাবাহিনী।

দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন নির্মাণকাজের ঠিকাদার আসগার হুসেইন। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। এদিকে, গুদাম নির্মাণের জন্য পোর্ট ট্রাস্টের কাছ থেকে জমি লিজ নেওয়া শম্ভুনাথ বেহেরাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আরও চারজনকে আটক করা হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন ১৭ বছরের সাহিল সর্দার। তিনি ওই গুদামে কাজ করতেন না; কর্মরত মামাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে কাকদ্বীপ থেকে এসেছিলেন। প্রথমবার কলকাতায় এসে আর বাড়ি ফেরা হলো না কিশোরটির। অন্যদিকে, কাটোয়ার গাজীপুরের বাসিন্দা ২০ বছরের শ্রমিক রোহিত চৌধুরীর দেহও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে। মাত্র দেড় মাস আগে তিনি নির্মাণ সংস্থার কাজে যোগ দিয়েছিলেন।

দুর্ঘটনার ভয়াবহতার কারণে উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গুদামের ওপরের পুরু কংক্রিটের ঢালাই ও লোহার বিম ভেঙে পড়ায় ধ্বংসস্তূপ সরানো কঠিন হয়ে পড়েছে। হাইড্রোলিক ক্রেন ও স্নিফার ডগের সাহায্যে আটকে পড়াদের খোঁজ চলছে।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি বলেন, “উদ্ধারকাজ সম্পন্ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, দুর্ঘটনা নিয়ে বিধানসভায় বিস্তারিত বিবৃতি দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসা এবং উদ্ধারকাজে প্রশাসনের সবরকম সহায়তা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *