বরাক তরঙ্গ, ২৪ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও বায়োইনফরমেটিক্স বিভাগের পাঁচজন বিজ্ঞানী ২০২৫ সালের গ্লোবাল সায়েন্টিস্ট ইনডেক্সে বিশ্বের শীর্ষ ৫ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে আন্তর্জাতিক মানের উৎকর্ষেরই প্রমাণ বলে মনে করা হচ্ছে। এই তালিকায় স্থান পাওয়া জীববিজ্ঞানীরা হলেন অধ্যাপিকা সর্বাণী গিরি, অধ্যাপিকা সুচিস্মিতা দাস, অধ্যাপক অনুপম দাস তালুকদার, অধ্যাপক অনুপম বরা ও ড. শুভাশিস চৌধুরী।
গবেষণা জগতের বিশ্বব্যাপী মূল্যায়নের জন্য পরিচিত স্বাধীন সংস্থা ‘সাইর্যাঙ্ক গ্লোবাল’ (দ্য গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্টোমেট্রিক্স) এই স্বীকৃতি প্রদান করেছে। সংস্থাটি তথ্যনির্ভর, স্বচ্ছ এবং গাণিতিকভাবে কঠোর মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের গবেষকদের মূল্যায়ন করে থাকে। ২০২৫ সালের গ্লোবাল সায়েন্টিস্ট ইনডেক্স প্রস্তুত করা হয়েছে ১ কোটিরও বেশি সক্রিয় গবেষকের প্রোফাইল এবং ৫ কোটিরও বেশি গবেষণাপত্রের বিস্তৃত বিবলিওমেট্রিক বিশ্লেষণের মাধ্যমে।
সাইর্যাঙ্ক গ্লোবালের মতে, এই নির্বাচন প্রক্রিয়ায় ভৌগোলিক অবস্থান, প্রতিষ্ঠান বা চাকরির মেয়াদের মতো বিষয়গুলিকে গুরুত্ব না দিয়ে গবেষণার প্রকৃত উৎকর্ষতা ও মানবজ্ঞান বৃদ্ধিতে অবদানের ওপর জোর দেওয়া হয়েছে।
গবেষকদের মূল্যায়নের জন্য ‘নরমালাইজড কম্পোজিট স্কোর (এনসিএস)’ ব্যবহৃত হয়েছে। এর আওতায় গবেষণাপত্রের সংখ্যা ও গুণমান, গবেষণার প্রভাব ও উদ্ধৃতি (সাইটেশন) সূচক, এবং জ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে সামগ্রিক বৈজ্ঞানিক অবদানকে বিবেচনায় নেওয়া হয়েছে।
আসাম বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ জীববিজ্ঞানীর আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক পরিমণ্ডলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।



