বরাক তরঙ্গ, ২৪ জুন : রাজ্যে ডেঙ্গু ও জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে এক তরুণী ও মহিলার মৃত্যু ঘটল। সংবাদ সূত্রে জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল মরিগাঁও জেলার গছরগুড়ি এলাকার বাসিন্দা সাগরিকা ডেকার। গত ৮ জুন থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাগরিকা ডেকা ‘এম বাজার’-এ কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হওয়ায় তাঁর অকালপ্রয়াণে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে গুয়াহাটিতে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
এ দিকে, জাপানিজ এনকেফেলাইটিসে প্রাণ গেল রঙিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্বের। রঙিয়ার বিশিষ্ট সংস্কৃতিমনস্ক মহিলা রীণা দেবীর মৃত্যু ঘটল। টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রীণা দেবীর মৃত্যুতে রঙিয়ার সাংস্কৃতিক অঙ্গন, বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।



