সরুপথারে নৃশংস হত্যাকাণ্ড, দেওরের হাতে খুন বৌদি

Spread the news

সরুপথারে নৃশংস হত্যাকাণ্ড, দেওরর হাতে খুন বৌদি
বরাক তরঙ্গ, ২৩ জুন : অসমের সরুপথার এলাকার সেবাগুড়ির আউটেঙাতলে মঙ্গলবার এক চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, রবেট তাঁতি নামে এক ব্যক্তি তাঁর বড় ভাইয়ের স্ত্রী তথা বৌদি উর্মিলা মালাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এই ঘটনা ঘটলেও কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে সরুপথার ও বরপথার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উর্মিলা মালার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোলাঘাট জেলা অসামরিক হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় মহিলা জানান, তিনি ওই এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে ঘটনাস্থলের দিকে তাকিয়ে দেখেন রবেট তাঁতি ধারালো অস্ত্র দিয়ে উর্মিলা মালার উপর হামলা চালাচ্ছেন। তিনি ভয়ে সেখান থেকে পালিয়ে যান। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি হাতে অস্ত্র নিয়ে তাঁকেও তাড়া করেছিলেন।

অন্যদিকে, নিহতার এক আত্মীয় জানান, সকাল প্রায় সাতটার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি বলেন, “আমাদের বৌমা উর্মিলা মালাকে তাঁর দেওর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। সকালে এক মহিলাকে রবেট তাঁতি অস্ত্র হাতে তাড়া করার সময় আমরা বিষয়টি জানতে পারি। ওই মহিলা চিৎকার করে বলছিলেন যে উর্মিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

এদিকে, ঘটনার পর অভিযুক্ত রবেট তাঁতিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *