বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২৩ জুন : সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর অসম সফরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা অসমের অনেক ক্ষতি করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে শতাধিক বাণিজ্যিক বিশেষজ্ঞের দল আসার কথা ছিল একই বিমানে। তাঁরা অসমের বিভিন্ন স্থানে বিনিয়োগ করার কথা ছিল। তবে কিছু নৈরাজ্যবাদী, অসমের উন্নতি না-চাওয়া ব্যক্তিরা এমন একটি পরিবেশ সৃষ্টি করলেন, যার ফলে অসমে আসতে বাইরের লোকেরা ভয় পাবে। যাঁরা অসম থেকে চীনকে সমর্থন করেন, অসমের উন্নতিতে বাধা সৃষ্টি করেন, ভারতের উন্নতি চান না এই সব ব্যক্তিদের ভগবান সুমতি দিন, বলে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন মন্ত্রী পীযূষ হাজরিকা। আজ গৃহ জেলায় লাহরিঘাট বিধানসভা কেন্দ্রের একটি বৃহৎ দলীয় যোগদান কর্মসূচিতে অংশ নেওয়া মন্ত্রী কারও নাম না নিয়ে তাদের উদ্দেশ্য করে আরও উল্লেখ করেন, অসমের উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আপস করেন না। আমরাও আপস করব না। আমাদের কষ্ট দিয়েছে, আমরা কাজ দ্বিগুণ করব।
উল্লেখ্য, গণেশগুড়ি উড়াল সেতুর দেওয়ালে প্রাণের শিল্পী জুবিন গার্গের আঁকা ছবি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জুবিন অনুরাগীদের দ্বারা সৃষ্ট পরিবেশের উদ্দেশ্য করেই মন্ত্রী পীযূষ হাজরিকার করা মন্তব্যে প্রকাশ পেয়েছে যে, গণেশগুড়িতে সৃষ্ট ওই পরিবেশ জাপানের প্রধানমন্ত্রীর অসম সফরে অনিশ্চয়তা এনেছে। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন মন্ত্রী হাজরিকা। অন্যদিকে, সাংসদ প্রদ্যুৎ বরদলৈর বিজেপি গমনের পর খালী হয়ে পড়া নগাঁও লোকসভা কেন্দ্র দখল করতে সক্রিয় হয়ে শাসকদলের মন্ত্রীর নেতৃত্বে চলছে ব্যাপক তৎপরতা। ধর্মীয় সংখ্যালঘু ভোটারের আধিপত্য থাকা নগাঁও লোকসভা কেন্দ্রটির লাহরিঘাটে আজ বৃহৎ দলীয় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
মন্ত্রী পীযূষ হাজরিকার নেতৃত্বে আয়োজিত এই দলীয় যোগদান কর্মসূচিতে লাহরিঘাট কেন্দ্রের চারটি জেলা পরিষদের তিনজন জেলা পরিষদ সদস্য আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। বিজেপি দলের দাবি অনুযায়ী, ভূরাগাঁও জেলা পরিষদ সদস্যা মুবাশ্বর আহমেদ, মৈরাবাড়ী জেলা পরিষদ সদস্যা পারিমা খানম এবং লাহরিঘাট জেলা পরিষদ সদস্য আবু জাহিরসহ কংগ্রেস ও এআইইউডিএফ-এর প্রায় কয়েক সহস্রাধিক কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। মরিগাঁও জেলা বিজেপি সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই দলীয় যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরিগাঁও বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামাকান্ত দেউরী, বঢ়মপুরের বিধায়ক জিতু গোস্বামী, দিসপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদ্যুৎ বরদলৈ , মরিগাঁও জেলা পরিষদের সভানেত্রী প্রণিতা কলিতা ডেকা।




