পুরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি করিমগঞ্জ জেলা কংগ্রেসের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ জুন :
আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে তৃণমূল স্তর থেকে সংগঠন পুনর্গঠন, শাখা সংগঠনগুলিকে সক্রিয় করা এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক বৈঠক ও কর্মসূচি চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, শহর ব্লক কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর সোমবার জেলা যুব কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি নিজামুদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি ভিকি কুরি, বিভিন্ন ব্লকের যুব কংগ্রেসের সভাপতি ও পদাধিকারীরা। এছাড়াও জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমেদ চৌধুরী, প্রদীপ কুরি, শুভঙ্কর দাস-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের শক্তি ও দুর্বলতা, যুব নেতৃত্বের ভূমিকা এবং আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যুব কংগ্রেসকে আরও কার্যকর ও জনমুখী করে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দীর্ঘ আলোচনার পর শহর যুব কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়। বর্তমান সভাপতি সুমন দাসের পরিবর্তে মাঠপর্যায়ে সক্রিয় ও কর্মক্ষম তরুণ নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শহর যুব কংগ্রেসের বুথ ও ব্লক কমিটিগুলিকে পুনর্গঠন করার প্রস্তাবও গৃহীত হয়েছে।
নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকা পদাধিকারীদের পরিবর্তে সক্রিয় ও সংগ্রামী কর্মীদের সামনে নিয়ে আসা হবে। নতুন মুখ ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও জনভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো ছাড়া সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। সেই লক্ষ্যেই জেলার প্রতিটি ব্লক, মণ্ডল ও বুথ কমিটিকে পুনর্গঠন করে আরও কার্যকর করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথ স্তরের সংগঠনকে দলের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে নেতারা সাধারণ মানুষের সমস্যা নিয়ে নিয়মিত কাজ করার ওপর জোর দেন।

বিধায়ক ও সাংগঠনিক নেতৃত্বের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। বক্তাদের মতে, নির্বাচিত জনপ্রতিনিধি ও সংগঠনের মধ্যে সুদৃঢ় যোগাযোগ থাকলে দলীয় কর্মসূচি আরও সফল হবে এবং মানুষের সমস্যাগুলি কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন ব্যর্থতার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জেলার অধিকাংশ সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, অথচ সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
করিমগঞ্জ শহরের পানীয় জলের সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বহু এলাকায় ফাটা পাইপলাইনের মাধ্যমে দূষিত জল সরবরাহ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও সমাধান মেলেনি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমদ চৌধুরী বলেন, একটি শক্তিশালী সংগঠনই আগামী দিনে কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। জনগণের মৌলিক সমস্যা নিয়ে অতীতের মতো ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করে নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শুভম দাস, অভিজিৎ কুরি, আবুল কালাম, সুলতান আহমদ, ভিকি দেব, মুক্তার আহমদ, শুভজিৎ চক্রবর্তী-সহ বহু কংগ্রেস নেতা ও কর্মী বক্তব্য রাখেন।

সভা শেষে নেতৃবৃন্দ একমত হন যে, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে করিমগঞ্জ জেলা কংগ্রেসকে আরও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা হবে। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তৃণমূল স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *