বরাক তরঙ্গ, ১৯ জুন : বড়খলা কেন্দ্রের অন্তর্গত ১০১১ নং কল্যাণী গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে টিলা ধসের ফলে শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হয়েছে। বিদ্যালয়ের পরিচালন সমিতি ও অভিভাবকদের অভিযোগ, স্কুল সংলগ্ন একটি টিলা অবৈধভাবে কেটে মাটি অপসারণ করায় সামান্য বৃষ্টিতেই জলের সঙ্গে লাল মাটি ধসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরে প্রবেশ করছে। এর ফলে একাধিক শ্রেণিকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং নিয়মিত পাঠদান কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিলা কাটার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রভাব বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোতেও পড়েছে। বিদ্যালয়ের পানীয়জলের পাইপলাইন, শৌচাগার এবং মধ্যাহ্নভোজনের রান্নাঘর মাটিচাপা পড়েছে অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের নিত্যদিনের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে।

বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য ও অভিভাবকরা জানান, অল্প বৃষ্টিতেই শ্রেণিকক্ষগুলো কাদামাটিতে ভরে যাচ্ছে। ফলে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার স্বার্থে নিয়মিত ক্লাস পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি অব্যাহত থাকলে বিদ্যালয় চালু রাখা নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। এলাকাবাসী জানান, বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বড়খলা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
বিদ্যালয়ের পরিচালন সমিতি ও স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার, উপযুক্ত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং টিলা ধস রোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। তাঁদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনও মারাত্মকভাবে ব্যাহত হবে।



