মাসের মধ্যে দ্বিতীয়বার! কানপুর থেকে দিল্লি যাওয়ার পথে ফের মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে পাথরবৃষ্টি

Spread the news

১২ জুন : যোগীরাজ্যে ফের বড়সড় নিরাপত্তাহীনতার মুখে পড়লেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে। পাথরের আঘাতে ট্রেনের কামরার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গেলেও, বরাতজোরে সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত আছেন সঙ্ঘপ্রধান।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরএসএস প্রধান মোহন ভাগবত দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের ই-১ (E-1) কোচে সফর করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ কানপুর থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি যখন উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশন অতিক্রম করছিল, ঠিক তখনই তাঁর কামরাটি লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় আরএসএস প্রধান আক্রান্ত জানলাটির ঠিক উলটো দিকের আসনেই বসেছিলেন। পাথরের আঘাতে জানলার কাচের বাইরের অংশটি ভেঙে যায়। আচমকা এই হামলায় ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পাওয়া মাত্রই টুন্ডলা স্টেশনে ঢোকার মুখে ট্রেনটিকে আপৎকালীনভাবে দাঁড় করানো হয়। রেলের পদস্থ আধিকারিক ও নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেনটিকে নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়।

ঘটনার তীব্রতা বিবেচনা করে তড়িঘড়ি সেখানে পৌঁছান আগ্রা জোনের এডিজি এস কে ভগত এবং ডিআইজি শৈলেশ পাণ্ডে। পুলিশ আধিকারিকেরা নিশ্চিত করেছেন যে, এই হামলায় কেউ আহত হননি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই জঘন্য হামলা চালাল, তা জানতে ইতিমধ্যেই জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফিরোজাবাদের সিনিয়র পুলিশ সুপার (SSP) আদিত্য লাঙ্গে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, যোগী আদিত্যনাথের রাজ্যে আরএসএস প্রধানের ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও তিনি উত্তরপ্রদেশেই একই ধরনের হামলার মুখে পড়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের সি-৪ (C-4) কোচে সফর করার সময় মোহন ভাগবতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। সেই বারও ট্রেনের জানলার কাচ ভেঙে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল উত্তরপ্রদেশে, যা নিয়ে যোগীরাজ্যের ভিভিআইপি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *