ক্ষোভ আর হতাশায় রাত কাটল ভারতের ফুটবলপ্রেমীদের, প্রযুক্তিগত বিভ্রাট জিফাইভে

Spread the news

১২ জুন : ৪ বছরের দীর্ঘ অপেক্ষা পেরিয়ে অবশেষে শুরু হল ২০২৬ ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিশ্বমঞ্চের এই চরম উত্তেজনা উপভোগ করার বদলে চরম ক্ষোভ আর হতাশায় রাত কাটল ভারতের ফুটবলপ্রেমীদের। ভারতে এবারের বিশ্বকাপ স্ট্রিমিংয়ের দায়িত্বে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ (Zee5)। আর খেলা শুরুর প্রথম রাতেই চরম প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ল এই অ্যাপ, যা নিয়ে সোশ্যালে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন ক্ষুব্ধ দর্শকরা।

মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে যখন উদ্বোধনের বাঁশি বাজল, ঠিক তখনই ভারতের দর্শকদের স্ক্রিন জুড়ে শুরু হল বাফারিং। বহু ফুটবলপ্রেমী অভিযোগ করেছেন, উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ চলাকালীন বারবার লাইভ স্ট্রিম আটকে যাচ্ছিল, সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল, এমনকি অনেকের অ্যাপ সম্পূর্ণ ক্র্যাশ করে যায়। অনেকেই খেলা দেখার জন্য মাঝরাতে ঘুম কামাই করে বসেছিলেন, কিন্তু অ্যাপের এই ল্যাগ এবং অনবরত লোডিংয়ের চক্করে তাঁদের অভিজ্ঞতাই মাটি হয়ে গেছে।

বিভ্রাট অবশ্য শুধু খেলা শুরুর পর হয়নি, ক্ষোভের সূত্রপাত বেশ কয়েকদিন আগে থেকেই। বিশ্বকাপ দেখার জন্য জিফাইভ ৭৯৯ টাকার একটি বিশেষ প্যাকেজ এনেছিল। শুরুর দিকে বিজ্ঞাপনে বলা হয়েছিল, এই প্ল্যানে একসঙ্গে তিনটি ডিভাইসে বা স্ক্রিনে খেলা দেখা যাবে। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগে আগে অনেক গ্রাহকই লক্ষ্য করেন, স্ক্রিন লিমিট তিন থেকে কমিয়ে মাত্র একটা করে দেওয়া হয়েছে। ইন্টারনেটে তীব্র প্রতিবাদের মুখে পড়ে অবশ্য সংস্থাটি তড়িঘড়ি সেই নিয়ম বদলে আবার তিন স্ক্রিনের সুবিধা ফিরিয়ে দেয়। কিন্তু আসল সময়ে যখন সার্ভার বসে গেল, তখন সেই ক্ষোভ আর চেপে রাখতে পারেননি ফুটবলপ্রেমীরা।

ওপর আরও একটি বড় অভিযোগ উঠেছে ভিডিও কোয়ালিটি নিয়ে। বিজ্ঞাপনে ৪কে (4K) কোয়ালিটিতে খেলা দেখানোর বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও, দর্শকরা জানিয়েছেন আদতে তেমন কোনও অপশনই তাঁরা পাননি। ৭৯৯ টাকা খরচ করে যারা শুধুমাত্র বিশ্বকাপের জন্য সাবস্ক্রিপশন কিনেছিলেন, এই চরম অপেশাদারিত্বে স্বভাবতই তাঁরা নিজেদের ঠকানো মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় যখন একের পর এক নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে, তখন ড্যামেজ কন্ট্রোলে নেমে কিছু পরামর্শ দিয়েছে জিফাইভ কর্তৃপক্ষ। যাদের স্মার্ট টিভি বা স্ট্রিমিং ডিভাইসে সমস্যা হচ্ছে, তাঁদের অ্যাপের সেটিংসে গিয়ে ‘ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ডেটা’ করার কথা বলা হয়েছে। খুব বেশি সমস্যা হলে অ্যাপটি আনইনস্টল করে নতুন করে নামানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা ল্যাপটপ বা কম্পিউটারে দেখছেন, তাঁদের ব্রাউজারের কুকিজ ও হিস্ট্রি ডিলিট করে, গুগল ক্রোম বা সাফারির লেটেস্ট ভার্সন ব্যবহার করতে এবং সাময়িকভাবে অ্যাড-ব্লকার বন্ধ রাখতে বলা হয়েছে। যাদের স্ক্রিন লিমিট আটকে আছে, তাঁদের একবার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নতুন করে লগ ইন করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফিফার সঙ্গে জিই এন্টারটেইনমেন্টের (ZEEL) ৮ বছরের এক ঐতিহাসিক চুক্তি হয়েছে। ২০৩৪ সাল পর্যন্ত ফিফার প্রায় ৩৯টি বড় টুর্নামেন্ট ভারতে দেখানোর এক্সক্লুসিভ রাইটস রয়েছে তাদের হাতে। এত বড় দীর্ঘমেয়াদী চুক্তির প্রথম দিনেই এমন ভরাডুবি ভারতের ফুটবল মহলে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল। অবসান ঘটল এক বছরের অপেক্ষার, কিন্তু ফুটবল ভক্তদের রাত কাটল খেলা ছাড়াই, কেবল বাফারিং স্ক্রিনের দিকে তাকিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *