জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুন : শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলির মালিক ও পরিচালকদেরকে তাদের প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে নবায়নের প্রয়োজন হলে অবিলম্বে তা নবায়ন করার নির্দেশ দিয়েছেন। বুধবার স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক এক নোটিশ জারি করে জানিয়েছেন যে ক্লিনিক্যাল স্টাবলিশমেন্ট আইন ও সংশ্লিষ্ট বিধি অনুসরণ করা প্রতিটি প্রতিষ্ঠানের আইনগত দায়িত্ব। তাই ক্লিনিক্যাল অ্যস্ট্যাবলিশমেন্ট গুলির রেজিস্ট্রেশন অবিলম্বে রিনিউ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) আইন, ২০১০-এর বিধানসমূহ কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ গ্রহণ করেছে।
স্বাস্থ্য বিভাগের নজরে এসেছে যে জেলার বিভিন্ন ক্লিনিক, চেম্বার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বৈধ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে অথবা অস্থায়ী নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নবায়ন না করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানসমূহ আইন লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় রোগীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) আইন, ২০১০-এর ধারা ৪১(১) ও ৪১(২)-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আইনের এই ধারাগুলিতে অনিবন্ধিত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পরিচালনা এবং সেখানে পেশাগত সেবা প্রদান করার জন্য আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার বিধান রয়েছে।
এই প্রেক্ষাপটে জেলার সব নিবন্ধিত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের অনুরোধ করা হয়েছে যে তাঁরা কোনো অনিবন্ধিত বা নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হয়ে নবায়নবিহীন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয়, চিকিৎসা, পরীক্ষাগার সংক্রান্ত কাজ অথবা অন্য কোনো পেশাগত সেবা প্রদান না করেন।
একই সঙ্গে জেলার সকল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের মালিক ও পরিচালকদের তাঁদের প্রতিষ্ঠানের নিবন্ধনের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে অবিলম্বে নবায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন ও সংশ্লিষ্ট বিধি অনুসরণ করা প্রতিটি প্রতিষ্ঠানের আইনগত দায়িত্ব।
যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, শ্রীভূমি জানানো হয়েছে যে, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার সুরক্ষিত রাখতে নিবন্ধিত স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সব স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে আইন মেনে পরিচালিত হওয়ার পাশাপাশি রোগীবান্ধব ও জবাবদিহিমূলক সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে যে জেলার বিভিন্ন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তি আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) আইন, ২০১০-এর প্রাসঙ্গিক ধারায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগ সকল নাগরিককে চিকিৎসা গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট ক্লিনিক, নার্সিংহোম বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন রয়েছে কিনা তা যাচাই করার জন্যও অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের স্বার্থ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।



